ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার জেরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ আছে। এর মধ্যে অন্তত পাঁচটি কারখানার শ্রমিকেরা আজ রবিবার সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আজ রবিবার সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় রোববার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ ছাড়া এআর জিন্স, নিউ এইজ ও কন্টিনেন্টালসহ প্রায় ৪০ থেকে ৪৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানিয়েছেন, ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রম চলছে। বর্তমানে অধিকাংশ কারখানার শ্রমিক কাজে ফিরেছেন। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় ৪০ থেকে ৫০টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ধারার বিধান অনুযায়ী, কাজ বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পাবেন না।
পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সকালে পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করলেও আশুলিয়া ও সাভারের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। বেলা ১১টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে মালিকপক্ষ কঠোর অবস্থানের কথা জানায়। সেখানে বলা হয়, শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখা হবে। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অর্থাৎ ‘কাজ নেই তো মজুরিও নেই’ নীতি কার্যকর করা হবে।
জৈন্তাবার্তা/আরআর




