ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে দুটি অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে প্রায় সাত ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩ নম্বর পিলারসংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিছনাকান্দি পর্যটন এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশের অভিযোগে দুটি অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি পর্যটন এলাকার একটি দোকানে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও ভাঙচুর করেন। খবর পেয়ে বিজিবির টহল দলের সদস্যরা তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নেন।
পরে প্রায় সাত ঘণ্টা বিজিবির হেফাজতে থাকার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, হস্তান্তরের পর সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




