সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৪ PM

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ০৯:৪২:২৮ AM

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

জামায়াত লগো


পুলিশের পক্ষ থেকে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি না পেলেও কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় থেকে ঘরোয়া কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে লিখিত কোনো অনুমতি পায়নি জামায়াত।


শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় প্রতিনিধি দলের সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।


সাইফুর রহমান বলেন, ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে ঘরোয়া কোনো স্থানে কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম এলাকা বাদে পরিবর্তিত কোনো ঘরোয়া স্থানে কর্মসূচি পালন করতে চাইলে ডিএমপিকে তাদের জানাতে বলেছে। আমরা বিষয়টি জামায়াতের কেন্দ্র ও মহানগরের নেতাদের জানিয়েছি। তারা এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।


জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আমরা এখনো লিখিত অনুমতি পায়নি। তবে, আমাদের আইনজীবী প্রতিনিধিকে ডিএমপি পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশের স্থান পরিবর্তন করতে। স্থান কেন পরিবর্তন করবো সেটি তো আলোচনার ব্যাপার।


অনুমতি না দিলে কর্মসূচি পালন করবেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তো ডিএমপি না বলেনি। আশা করছি, অনুমতি মিলবে।


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমির ডা. শফিকুর রহমানসহ দলের নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে গত ৫ জুন জামায়াতের পক্ষ থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছিল জামায়াত ইসলামী। অনুমতি না মেলায় ৫ জুন সোমবার বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে একই স্থানে শনিবার (১০ জুন) ফের সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জামায়াত।


সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুনের সমাবেশের অনুমতি চেয়ে মঙ্গলবার (৬ জুন) ফের ডিএমপির কাছে আদেনপত্র জমা দেয় দলটি। আবেদনপত্র জমা দেওয়ার পর দলটির প্রতিনিধি দলের সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেছিলেন, ছুটির দিনে সমাবেশ করলে অনুমতি মেলবে পুলিশের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা সোমবারের কর্মসূচি স্থগিত করে শনিবার অফিস বন্ধের দিন কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছি।

মাহমুদ/জৈন্তাবার্তা