বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৫:২২:৩৯ অপরাহ্ন

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

সংগৃহীত


শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। তার দেওয়া হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে টিপু মাদবরের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দেন আমান মাদবর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন আমান মাদবর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা।

আমান মাদবর বলেন, জেলা বিএনপির নেতারা দুই-এক দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বহিষ্কার ও গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করেছেন। এরপর হুঁশিয়ারি দিয়ে বলেন, অপুকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে, যে-ই জড়িত থাকুক, তার ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়া হবে এবং তাকে শরীয়তপুরে অবাঞ্ছিত করা হবে।

জানা যায়, গত ২৮ অক্টোবর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে টিপু মাদবরের নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির পর হুইপ অপুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে তার বিরুদ্ধে অবস্থান নেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

এর প্রতিবাদে ১ নভেম্বর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। পরে টিপু মাদবরের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর কাছে স্মারকলিপি দেন তারা।

গতকাল সোমবার রাতে এক উঠান বৈঠকে টিপু মাদবর নিজের ছবি পোড়ানো ও তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শহরের প্রাণকেন্দ্রে স্থাপনের দাবির পেছনে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

অভিযোগ অস্বীকার করে আমান মাদবর বলেন, ‘আমি এ ধরনের বক্তব্য দিইনি। আপনারা ভালো করে শুনেন।টিপু মাদবর জানান, হুমকির ভিডিওটি তিনি দেখেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে বিরোধের জেরে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থানে শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা