ছবি:সংগৃহীত
চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক, আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো. আনোয়ার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণ মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে মো. আনোয়ার হোসেন বলেন, চীন সরকারের আমন্ত্রণে ৫০ দিনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ তাঁর জীবনের এক অমূল্য অভিজ্ঞতা। উশুর জন্মভূমি চীনে গিয়ে তাওলুর আধুনিক কৌশল, ফিটনেস ও কোচিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শেখার সুযোগ পেয়েছেন তিনি।
তিনি বলেন, এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাংলাদেশের উশুর উন্নয়নে, বিশেষ করে সিলেটের ছেলেমেয়েদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে কাজে লাগাতে চান। চীন-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে এ সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ উশু ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।
চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এবং হেনান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ‘বাংলাদেশের তাওলু উশু ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কোর্স’ শীর্ষক ৫০ দিনব্যাপী এ উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চীনের হেনান প্রদেশের ঝেংঝু শহরে কোর্সটি পরিচালিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




