সংগৃহিত
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সচেতন ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে ‘সচেতন ছাত্র ও যুব সমাজ, গোয়াইনঘাট উপজেলা’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন। সঞ্চালনা করেন ছাত্রনেতা গোলাম হোসেন আজম।
মানববন্ধনে বক্তব্য দেন গোয়াইনঘাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুল, ইত্তেহাদুল উম্মাহ একাডেমির পরিচালক সুলতান মাহমুদ, তোফায়েল আহমদ উসমানী, আব্দুর রাহমান, মাহদি হাসান মাহফুজ ও দেলওয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ জন্য নিয়মিত পুলিশি টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের কাছে পাঁচ দফা দাবিসংবলিত একটি লিফলেট তুলে দেন। এ সময় তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




