ছবি:সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা শুরু করেছে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’। যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর এক অনুষ্ঠানের মাধ্যমে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আব্দুল ওয়াজিদ ফাহিম ও আজিজ তানভীরের উদ্যোগে ইনডোর ফুটবল মাঠটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, পর্যাপ্ত খেলার মাঠ ও উপযুক্ত পরিবেশের অভাবে তরুণ প্রজন্ম দিন দিন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। পারাইরচকে এ ধরনের ইনডোর মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে।
স্ট্রাইক হাউজ ইনডোরের পরিচালক আব্দুল ওয়াজিদ ফাহিম বলেন, বর্তমানে খেলার মাঠের সংকট রয়েছে। ফলে অনেক তরুণ মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়ছে, আবার কেউ কেউ মাদকের মতো ভয়াবহ নেশায় জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে তরুণদের দূরে রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় এমন ইনডোর খেলার মাঠ গড়ে তোলা প্রয়োজন। তরুণেরা খেলাধুলায় যুক্ত হলে সুস্থ বিনোদনের পাশাপাশি একটি ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে উঠবে।
তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এখানে ব্যাডমিন্টন কোর্ট, ক্রিকেট পিচ ও স্নুকার খেলার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্রীড়ামোদী ও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ক্যাফের ব্যবস্থা।
আব্দুল ওয়াজিদ ফাহিম বলেন, তাঁদের মূল লক্ষ্য শুধু ব্যবসা বা অর্থ উপার্জন নয়; বরং খেলাধুলার মাধ্যমে তরুণদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে অতিথিরা ফিতা কেটে ও কেক কেটে মাঠটির উদ্বোধন করেন। পরে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে শিরনি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাহদী বখত, আজিজ তানভীরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




