জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলতে আজারবাইজান গেলেন দেশের উদীয়মান ফুটবলার

জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৭:৪৯:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে

ছবি:সংগৃহীত


হাওর অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া এবার দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আন্তর্জাতিক ফুটবলের বিশ্বমঞ্চে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’-এ অংশ নিতে তিনি এখন আজারবাইজানে।

বুধবার (২১ অক্টোবর) সকালে জাতীয় ফুটবল দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাজু। তাঁর এই অর্জনে আনন্দিত পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষ।

রাজু আহমদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকার বাসিন্দা গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। আক্রমণভাগের এই খেলোয়াড় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জাতীয় দলের হয়ে বিদেশের মাটিতে খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে রাজু আহমদ ভূঁইয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণে আজ দেশের হয়ে বিদেশে খেলতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি।’

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দনূর বলেন, ‘রাজু যখন সপ্তম শ্রেণিতে পড়ত, তখন আমি তার খেলা দেখি। এরপর থেকেই লেখাপড়ার পাশাপাশি তাকে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও সহযোগিতা করেছি। তার আজকের এই অর্জনে আমরা গর্বিত। দোয়া করি, সে যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে।’

জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, ‘শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ রাজুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাওরপারের সন্তান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে যাওয়া আমাদের সুনামগঞ্জবাসীর জন্য গর্বের। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।’

রাজুর এই যাত্রা শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়, বরং জগন্নাথপুরের তরুণ ফুটবলারদের জন্যও এক অনুপ্রেরণার গল্প। স্থানীয়দের প্রত্যাশা, আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে দেশের সুনাম বয়ে আনবেন হাওরপারের এই তরুণ ফুটবলার।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ