ছবি:সংগৃহীত
সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘শ্রোতা উৎসব ২০২৬’। আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সিলেটের বিভিন্ন স্থানে এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল এবং প্রতিবেশী দেশ ভারত থেকে বেতার শ্রোতা, গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশ নেবেন।
মহান সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত সিলেটে আয়োজিত এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘ইতিবাচক অংশীদারিত্ব’। আর উৎসবের প্রতিপাদ্য ‘শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত—আধ্যাত্মিক রাজধানী সিলেট’।
উৎসবের প্রস্তুতি পর্যালোচনায় সম্প্রতি শাহপরানের শান্তিবাগ এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাহপরান ইউনিটের সহসভাপতির বাসভবনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল উৎসবের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ক্লাবের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত দেন।
সভায় জানানো হয়, গুগল ফরমের মাধ্যমে উৎসবে অংশগ্রহণের নিবন্ধন কার্যক্রম চলছে। উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৩-২৬ মেয়াদে ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমের সংবাদ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুজন সংবাদকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ দেওয়া হবে। মনোনীত দুই সংবাদকর্মী হলেন ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এবং ‘দৈনিক উত্তরপূর্ব’-এর সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্মারক ক্রেস্ট এবং নিবন্ধিত অংশগ্রহণকারীদের বিশেষ সনদ ও ক্রেস্ট দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের প্রথম দিন শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার মধ্যে শাহপরান এলাকায় এবং সকাল সাড়ে ৭টার মধ্যে ঐতিহাসিক ক্বিন ব্রিজ এলাকায় অংশগ্রহণকারী শ্রোতা ও সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সকাল ৮টায় আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন। এর মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর, সিলেট সদর উপজেলার চা-বাগান, গোয়াইনঘাট উপজেলার জাফলং, জৈন্তাপুর উপজেলার শাপলাবিল, চা-বাগান, পাথর কোয়ারি, খাসিয়া পল্লি ও লালাখাল। এসব স্থানে দেশ-বিদেশ থেকে আসা শ্রোতা ও অতিথিদের নিয়ে বিশেষ ভ্রমণের আয়োজন করা হয়েছে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, চেয়ারম্যান দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব নুর মোহাম্মদ উৎসব সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




