সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা করতে এসে ধরা পড়ার পর গণপিটুনিতে তাইজুল ইসলাম একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত তাইজুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্দি গ্রামের বাসিন্দা ছিলেন।কালিগঞ্জ বাজার কমিটির সভাপতি ও আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) দফাদার ফিরোজ সরদার বলেন, সকালে অটোতে করে ৪-৫জন লোক বোরকা পরে নেমে হানিফের চাযের দোকানে আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান মিলন সরদারের সঙ্গে বসে থাকা জহিরকে কোপাতে থাকেন। পরে তারা জহিরের ভাই মহসীনকেও কোপান। এ সময় স্থানীয়রা একজনকে ধরে গণপিটুনি দেয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামি তাইজুল ইসলামের নেতৃত্বে বোরকা পরা চারজন সন্ত্রাসী কালিগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা জহিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। দোকানের বাইরে তারা তার ভাই মহসীনকেও কোপাতে থাকেন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে তারা কয়েকটি হাতবোমা ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। তবে স্থানীয়রা তাইজুল ইসলাম নামের একজনকে ধরে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহতকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
জৈন্তাবার্তা/ সুলতানা




