কুকুরছানার যত্ন নিতে ৮ সপ্তাহের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দাবি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

কুকুরছানার যত্ন নিতে ৮ সপ্তাহের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৩:৩২:২৬ অপরাহ্ন

কুকুরছানার যত্ন নিতে ৮ সপ্তাহের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দাবি

ছবি:সংগৃহীত


সন্তান জন্মের পর মায়েদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া কর্মক্ষেত্রে স্বাভাবিক নিয়ম। কিন্তু ঘরে নতুন আনা একটি কুকুরছানার যত্ন নিতে আট সপ্তাহের বেতনসহ ‘মাতৃত্বকালীন ছুটি’ দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী কর্মী। তাঁর দাবি প্রত্যাখ্যান করা হলে সন্তানহীন নারীদের প্রতি বৈষম্যের অভিযোগে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার হুমকিও দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘জোনসি অ্যান্ড আমান্ডা’তে সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার একটি ভিডিও তুলে ধরা হয়। ওই কর্মকর্তা জানান, এক নারী কর্মীর ছুটির দাবি নিয়ে তাঁকে প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে।

ওই কর্মীর দাবি, তাঁকে ছুটি দিতে অস্বীকৃতি জানানো মানে সন্তানধারণে অক্ষম নারীদের প্রতি অসহানুভূতিশীল আচরণ করা।

রেডিও অনুষ্ঠানে ওই নারী কর্মীর পাঠানো একটি ই-মেইলও পড়ে শোনানো হয়। এতে তিনি লেখেন, সম্প্রতি আট সপ্তাহ বয়সী একটি গোল্ডেন রিট্রিভার কুকুরছানা ঘরে এনেছেন। এখন তিনি আরেকটি প্রাণের অভিভাবক। কুকুরছানাটি প্রতি দুই ঘণ্টা পরপর জেগে ওঠে। ফলে তিনি ঠিকমতো ঘুমাতে পারছেন না। তাঁর ভাষায়, একজন নতুন মা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, তিনিও তেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

তবে প্রতিষ্ঠানের এইচআর বিভাগ তাঁকে জানিয়ে দেয়, মাতৃত্বকালীন ছুটি কেবল সন্তান জন্মদানের ক্ষেত্রে প্রযোজ্য। এর জবাবে ওই কর্মী বলেন, সন্তান জন্ম দেওয়া বা না দেওয়ার বিষয়টি এ ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়।

কুকুরছানাটিকে নিজের ‘ছেলে’ উল্লেখ করে তার দেখভালের জন্য আট সপ্তাহের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দাবি করেন তিনি। ই-মেইলের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছুটি দেওয়া না হলে সন্তানহীন নারীদের প্রতি বৈষম্যের অভিযোগে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবেন।

বিষয়টি নিয়ে রেডিও অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। অধিকাংশ শ্রোতাই ওই ঊর্ধ্বতন কর্মকর্তার অবস্থানের প্রতি সমর্থন জানান। ক্ষোভ প্রকাশ করে এক মা বলেন, অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাঁকে সন্তানের দায়িত্ব নিয়ে মাত্র ছয় সপ্তাহের ছুটি শেষে কাজে ফিরতে হয়েছিল। অথচ একজন কর্মী কুকুরছানার জন্য আট সপ্তাহের ছুটি চাইছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন পোষা প্রাণীর যত্ন নেওয়ার জন্য কর্মীদের কিছুটা সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে অনেকের মতে, পোষা প্রাণীর পরিচর্যার জন্য আট সপ্তাহের বেতনসহ ছুটিকে প্রাতিষ্ঠানিক অধিকার হিসেবে দাবি করার যৌক্তিকতা নেই।

যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর দেখভালের জন্য ছুটি দেওয়ার বাধ্যতামূলক কোনো সাধারণ আইন নেই। তবে দেশটির কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নীতিমালার আওতায় নতুন পোষা প্রাণী ঘরে আনার পর কর্মীদের কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত ছুটি দিয়ে থাকে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ