ছবি:সংগৃহীত
পাথরঘেরা স্বচ্ছ জল, পেছনে সারি সারি পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য-সব মিলিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দুর্গাপূজার ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এখানে ভিড় করছেন পর্যটকেরা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এসে পিয়াইন নদের সৌন্দর্য উপভোগ করছেন তাঁরা।
শুক্রবার (২৩ অক্টোবর) জাফলংয়ের বিভিন্ন স্থানে পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা যায়। পিয়াইন নদের পানি কমে যাওয়ায় পাথরের ফাঁকে ফাঁকে তৈরি হয়েছে অগভীর জলাধার। সেখানে নেমে কেউ জলকেলিতে মেতে উঠছেন, কেউ আবার পাথরের ওপর দিয়ে হেঁটে ঘুরে দেখছেন চারপাশের মনোরম দৃশ্য।
পর্যটকদের কেউ মুঠোফোনে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন, আবার কেউ নৌকায় চড়ে উপভোগ করছেন নদের সৌন্দর্য। শিশুদের নিয়ে অনেক পরিবারও ছুটির আনন্দ ভাগাভাগি করতে এসেছেন এই পর্যটনকেন্দ্রে।
পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব মেলবন্ধন জাফলংকে বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় করে রেখেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা।
দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের এমন উপস্থিতিতে জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশে যোগ হয়েছে বাড়তি প্রাণচাঞ্চল্য। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ফিরছেন দর্শনার্থীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




