সরকারি সফরে সচিব সঙ্গে স্ত্রী, সমালোচনা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সরকারি সফরে সচিব সঙ্গে স্ত্রী, সমালোচনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৯:১৪:২৭ পূর্বাহ্ন

সরকারি সফরে সচিব সঙ্গে স্ত্রী, সমালোচনা

সংগৃহীত


পাবনা ও কুষ্টিয়ায় রেলওয়ে স্থাপনা পরিদর্শনে সরকারি সফরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম স্ত্রীসহ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আসায় নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শন করেন রেলওয়ে সচিব। এ সময় তার স্ত্রী ডা. তাহমিনা হোসেনসহ বেশ কয়েকজন ছিলেন।রেলওয়ে সচিবের একান্ত সচিব (উপসচিব) শামীমুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাবনা ও কুষ্টিয়া জেলা সফর করবেন। সফরে ঢাকা, পাবনা ও কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।২২ অক্টোবর সকালে ঢাকা থেকে সড়কপথে পাকশী রেলওয়ে স্টেশনে পৌঁছান রেল সচিব ফাহিমুল ইসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. তাহমিনা হোসেনসহ কয়েকজন। দুপুরে পাকশী রেলওয়ের ভিআইপি রেস্টহাউজে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে তারা পাকশীর রেলওয়ে স্থাপনা এবং ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে সচিবের সঙ্গে তার স্ত্রীকেও উপস্থিত থাকতে দেখা যায়। এসময় পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়া, বিভাগীয় প্রকৌশলী (২) নাজিব কায়সার ও বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজওয়ান উর রহমানসহ রেলওয়ে কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সফরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম, সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. শামীমুর রহমান সহ আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা থাকলেও তাদের কাউকে দেখা যায়নি।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘সচিব স্যার একাই নিজের মতো করে সব ঘুরে দেখতে চেয়েছেন, তাই আমরা এ সফরে যোগ দিইনি।’ সচিবের একান্ত সচিব শামীমুর রহমানও একই ধরনের মন্তব্য করেন।এদিকে, দাপ্তরিক কাজে এসে পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রেলের একাধিক কর্মকর্তা জানান, সরকারি পদমর্যাদা ও সম্পদ ব্যবহার করে সরকারি সফরের নামে ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণ নিশ্চিত করা স্পষ্টতই অনিয়ম ও সরকারি সম্পদের অপব্যবহার।এ বিষয়ে জানতে চাইলে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, তিনি সম্পূর্ণ সরকারি সফরের অংশ হিসেবেই রেল পরিদর্শনে এসেছেন। তার দাবি, সরকারি সফরে সপরিবারে যাওয়ার সুযোগ রয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা