ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় টমেটোসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপসহ দুজনকে আটক করা হয়। পরে পিকআপটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিলেটের গোয়াইনঘাট থানার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ (২০) এবং জৈন্তাপুর থানার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল (৪৫)।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৩১, তারিখ ২২ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




