বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন করে দল গড়ার পথে ব্রাজিল। সেই পরিকল্পনায় এবার তারুণ্যকেই বেশি গুরুত্ব দিলেন কোচ কার্লো আনচেলত্তি।
নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল দলে জায়গা পেয়েছেন একঝাঁক তরুণ ফুটবলার। তাদের মধ্যে পাঁচজন প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে।
চমক আছে আরেকটি জায়গায়। ব্রাজিলিয়ান লিগ শিরোপার লড়াইয়ে থাকা বড় দুই ক্লাব পালমেইরাস ও ফ্লামেঙ্গো থেকে কাউকেই রাখা হয়নি এই দলে।
গতকাল রাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে দল ঘোষণা করেন আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপের পর নতুন প্রজন্মকে সামনে রেখে দল পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছেন ইতালিয়ান এই কোচ, এবারের দলেও তার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে।
২৬ সদস্যের দলে ২৩ বছরের কম বয়সী ফুটবলার রয়েছেন ১৫ জন। এ ছাড়া অলিম্পিক বয়সসীমার মধ্যে আছেন ৯ জন।
প্রথমবার ডাক পেলেন যারা
এবারের দলে সবচেয়ে আলোচিত বিষয় পাঁচ নতুন মুখের অন্তর্ভুক্তি। তারা হলেন ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের খেলোয়াড় আলান, শাখতার দোনেৎস্কের দুই ফুটবলার আলিসন সান্তানা ও মারলন গোমেজ, করিন্থিয়ানসের মিডফিল্ডার আন্দ্রে লুইজ এবং ক্রুজেইরোর ডিফেন্ডার জোনাথন জেসুস। গোলরক্ষক লুকাস পেরিকেও নতুন মুখ বলা যায়। তাকে এর আগেও জাতীয় দলে ডাকা হয়েছিল। তবে এখনো অভিষেক হয়নি।
দলে ফিরেছেন চেলসির ফরোয়ার্ড এস্তেভাও। সব মিলিয়ে নতুন ও পুরোনোদের সমন্বয়ে ভবিষ্যতের জন্য দল সাজানোর চেষ্টা করেছেন আনচেলত্তি।
ব্রাজিলের খেলা কবে
এ বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে। আগামী ১৪ নভেম্বর জাপানের মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন ভিনিসিয়ুস-রাফিনিয়ারা।
ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো
রক্ষণভাগ: আর্থার দিয়াজ, কার্লোস অগুস্তো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, জাইর কুনিয়া, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ভিতোর রেইস, ওয়েসলি
মধ্যমাঠ: আন্দ্রে লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, গ্যাব্রিয়েল বন্তেম্পো, জোয়াও গোমেজ, মারলন গোমেজ
আক্রমণভাগ: আলিসন সান্তানা, আলান, এনদ্রিক, এস্তেভাও, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র
জৈন্তাবার্তা/আরআর




