ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে কানন রবি দাস (নাম অনুযায়ী বয়স উল্লেখ নেই) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত কানন রবি দাস রানীনগর এলাকার পিন্টু রবি দাসের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় রানীনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে কানন রবি দাসকে হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে দেশীয় মদও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




