ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হা/মলা, বিভিন্ন সংগঠনের নি/ন্দা ও প্রতিবাদ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হা/মলা, বিভিন্ন সংগঠনের নি/ন্দা ও প্রতিবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০৪:২৭:৫৬ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হা/মলা, বিভিন্ন সংগঠনের নি/ন্দা ও প্রতিবাদ

ছবি:সংগৃহীত


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে একদল ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠন দুটি।

আহত সাংবাদিকেরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। তাঁরা দুজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আঘাতের স্থানে একাধিক সেলাই দিতে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে একদল ইন্টার্ন চিকিৎসক তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নগরীর মধুবন এলাকায় নিজেদের কার্যালয়ে জরুরি সভা করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা আরও বলেন, ওসমানী হাসপাতালে সাংবাদিক, রোগী ও তাঁদের স্বজনদের হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

জরুরি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহসাধারণ সম্পাদক এস এম সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, আজমল আলী প্রমুখ।

অন্যদিকে, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর এক যৌথ বিবৃতিতে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।

সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না উল্লেখ করে তাঁরা বলেন, গণমাধ্যমকর্মীরা সব ধরনের অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

বিবৃতিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

সংগঠন দুটি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট