পুলিশের ডিসির পর কোতোয়ালি থানার ওসিকেও বদলি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামে আইনজীবী হত্যা

পুলিশের ডিসির পর কোতোয়ালি থানার ওসিকেও বদলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১১:৩৯:০৯ পূর্বাহ্ন

পুলিশের ডিসির পর কোতোয়ালি থানার ওসিকেও বদলি

ছবি : ফাইল ফটো


চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনার পর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকেও বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে বদলির আদেশ দেন নগর পুলিশ কমিশনার। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ঘটনার দিন গত মঙ্গলবার নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলীকে বদলি করা হয়েছিল।

মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের অদূরে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তাঁরা এ সময় বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়। আড়াই ঘণ্টা পর বেলা তিনটার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে আদালত প্রাঙ্গণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই প্রশ্ন তোলেন। নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হলো, তখন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? কাদের ইন্ধনে চিন্ময় কৃষ্ণকে তিন ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল? তাঁকে হ্যান্ডমাইক দেওয়া হয়েছিল। প্রিজন ভ্যান থেকে তিনি কীভাবে বক্তৃতা দিলেন? এসব বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।’

তবে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ দাবি করেছেন, তাঁরা পেশাদারি ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। দায়িত্বে কোনো গাফিলতি করেননি।

এর আগে ঘটনার দিন রাতেই দক্ষিণ জোনের উপকমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বিতর্কের সৃষ্টি করে। লিয়াকতের সঙ্গে কথা না বলেই রয়টার্সে প্রতিবেদনটি করা হয় বলে নগর পুলিশের এক বিবৃতিতে জানানো হয় গণমাধ্যমে। পরে সেই মন্তব্য সরিয়ে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমটি।

পুলিশ সূত্র জানায়, ফজলুল কাদের চৌধুরীর স্থলে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবদুল করিমকে কোতোয়ালি থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে কোতোয়ালির ওসি ফজলুল কাদের চৌধুরীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম নগরের আদালত ভবন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়, রাজনৈতিক দলের কার্যালয় থাকায় নানা কারণে কোতোয়ালি থানা এলাকাটি গুরুত্বপূর্ণ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি