ছবি:সংগৃহীত
বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি ও অবস্থান শক্তিশালী করতে ‘সিলেট টি’ নামে নতুন আন্তর্জাতিক ব্র্যান্ড চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশের ১৪টি চা-বাগানের সঙ্গে কাজ করছে লন্ডন টি এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির লক্ষ্য, আগামী বছর তাদের মাধ্যমে বাংলাদেশের চা বিশ্বের অন্তত ৪০টি দেশে পৌঁছে দেওয়া। পাশাপাশি চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলীউর রহমান বলেন, বিশ্বের বড় বড় শহরের হোটেলগুলোতে দার্জিলিং, আসাম কিংবা সিলন চা পাওয়া গেলেও সিলেট বা চট্টগ্রামের চা সচরাচর দেখা যায় না। বাংলাদেশের চা কেন আন্তর্জাতিক বাজারে সেভাবে পরিচিতি পায়নি, সেই প্রশ্ন থেকেই ‘সিলেট টি’কে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্তুগালের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা অনুষ্ঠানে বাংলাদেশের চায়ের সঙ্গে পর্তুগিজদের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর পূর্বপুরুষেরাই ইংল্যান্ডে চা নিয়ে গিয়েছিলেন। সে কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চায়ের ঐতিহ্য ও পরিচিতি তুলে ধরার এই উদ্যোগ তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। লন্ডন টি এক্সচেঞ্জের এ উদ্যোগ বাংলাদেশের চায়ের বিশ্বব্যাপী পরিচিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও পর্তুগালের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে রাজকন্যা বলেন, পর্তুগালে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। দুই দেশের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং একে অপরের কাছ থেকে শেখার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজকন্যার স্বামী আরাউজো মার্টিনস, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান ও মেট্রো চেম্বারের সাবেক সভাপতি কামরান টি রহমান, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক আবদুল মোহাম্মদ শালিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি এবং সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




