ফাইল ছবি
এশিয়া কাপে সুপার ফোর পর্বের শেষ ম্যাচে অপরাজেয় ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রোহিত।
এ ম্যাচে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সিলেটের তানজিম হাসান সাকিবের। সাকিবের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের তিলকচাঁনপুর গ্রামে।
এশিয়া কাপ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলায় মুশফিকুর রহিম নেই। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন বলে আজ খেলছেন না তিনি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে ভারত। আইপিএলে আলো ছড়ানো ব্যাটার তিলক বার্মার একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে আজ।
তানজিম সাকিব বালাগঞ্জ ইউনিয়নের তিলকচাঁনপুর গ্রামের গৌছ আলী ও সেলিনা পারভীন দম্পতি তৃতীয় সন্তান। ২০০২ সালের ২০ অক্টোবর সাকিবের জন্ম।
সাকিব উপজেলার আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি নিয়ে বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সাকিব জানতে পারেন অনূর্ধ্ব-১৩ জাতীয় দল গঠনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাই চলছে।
মাত্র একদিন সময় হাতে রেখে বাছাই পর্বে অংশ নিতে সাকিব ছুটে যান মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে। সেখানে সাকিবের বোলিং নৈপুণ্যতা দেখে নির্বাচকরা তাকে বেছে নেন।
মৌলভীবাজার থেকে ছুটে চলা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩ মাসের বোলিং কোর্স সম্পন্ন করে তিনি বিকেএসপিতে ভর্তি হন। বিকেএসপিতে অনুশীলনে থাকা অবস্থায় সাকিব বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ভারত এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান। এ ছাড়া সাকিব একাধিক ঘরোয়া ম্যাচেও ক্রিকেটাঙ্গন মাতিয়েছেন।
সাকিবের বন্ধুরা বলেন, ক্রিকেটের প্রতি তার এতটাই আসক্তি ছিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ার সময় কোথাও কোনো ম্যাচের খবর পেলে সে ক্লাস ফাঁকি দিয়ে খেলায় চলে যেত।
সাকিবের চাচাতো ভাই বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল মুনিম বলেন, তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। আশা করি তার মাধ্যমে সে স্বপ্ন বাস্তবায়িত হবে।
SH




