ছবি: নিজস্ব
বিপিএলের সিলেট পর্বের প্রথম খেলাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকপূর্ণতা পেয়েছে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সোমবার সকাল থেকেই টিকিট কেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন দর্শকরা। বেলা গড়ানোর সাথে সাথে প্রতিটি গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকের ব্যাপক উপস্থিতিতে।
এদিকে খেলা শুরু হওয়ার আগ থেকেই মাঠ ও মাঠের আশেপাশে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়া সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছিল আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনী। ঢাকা পর্বে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও বুথ ভাঙচুর করেছিল। যদিও এখন পর্যন্ত সিলেট পর্বে এই ধরণের কোনো বিষয় চোখে পরিলক্ষিত হয়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আমরা খেলোয়াড়, খেলা সংশ্লিষ্টদের এবং দর্শকদের নিরাপত্তায় কাজ করছি। মাঠ ও মাঠের আশেপাশে, টিম হোটেলে আমাদের পুলিশ সদস্যরা সাদা পোশাক ও পুলিশের পোশাকে নিয়োজিত আছেন। আমাদের প্রায় শতাধিক সদস্য এই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। আর সিলেটের দর্শকরা সব সময় ক্রীড়াপ্রেমী। এখন পর্যন্ত মাঠের কিংবা আশেপাশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জৈন্তাবার্তা / জারা




