কোন ভয়ে বিপিএলে কোচ হতে চান না রাজিন সালেহ ?
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ PM

কোন ভয়ে বিপিএলে কোচ হতে চান না রাজিন সালেহ ?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১২:৫৮:১৭ PM

কোন ভয়ে বিপিএলে কোচ হতে চান না রাজিন সালেহ ?

ছবি : সংগৃহীত


সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসর। কিন্তু সেখানে নেই এবারের জাতীয় লীগে (এনসিএল) সিলেটকে ২৫ বছর পর চ্যাম্পিয়ন করানো কোচ রাজিন সালেহ। সবশেষ তিনি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে অজানা এক ভয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর থেকে নিজেকে গুটিয়েছেন। এবারো প্রস্তাব পেয়েছিলেন চট্টগ্রাম কিংসের ব্যাটিং কোচের। কিন্তু শেষ পর্যন্ত সেটি তিনি লুফে নেননি। কি কারণে রাজিন বিপিএলে কোচ হতে চান না সেটি নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। তিনি জানিয়েছেন এই টুর্নামেন্টে কাজ করতে তার মধ্যে একটি ভয় কাজ করে। তিনি বলেন, ‘আমি একটু খোলামেলা করেই বলতে চাই বিপিএলের দলগুলোতে কাজ করতে হলে নিজের সততা ও  নৈতিকতা ধরে রাখা বেশ কঠিন বলে মনে হয়েছে আমার কাছে। এখানে প্রধান কোচ হিসেবে স্বাধীনভাবে কাজ করা যায় না। ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিজেদের মতো করে একাদশ সাজাতে চায়। কোচের তৈরি করা কম্বিনেশনে হস্তক্ষেপ করে। যা কিনা আমার সততা ও আদর্শের পরিপন্থি। আমি কোচ হিসেবে নিজের চিন্তা চেতনাতেই কাজ করতে চাই। চাপিয়ে দেয়া কিছু হলে সেখানে নৈতিকতা হারানোর ভয় থাকে।’ 

অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিরা দেশি কোচদের নিয়ে খুব একটা আগ্রহী না বলেই মনে করেন রাজিন সালেহ। দেশের অনেক প্রতিভাবান কোচ থাকলেও বিদেশিদের দিকেই ঝোঁক বেশি ফ্র্যাঞ্চাজিদের। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক ভালো কোচ আছে। আমাদের মধ্যে কয়েকজন আছি যারা এখন দায়িত্ব নিতে প্রস্তুত। ২৫ বছর পর সিলেটকে জাতীয় লীগে চ্যাম্পিয়ন করিয়েছি। আমাদের সেই সক্ষমতা আছে। কিন্তু ফ্র্যাঞ্চাজিদেরও আমাদের নিতে আগ্রহ থাকতে হবে। এখানে আমরা ও বিসিবি শুধু এগিয়ে আসলে চলবে না। সবাইকে দেশি কোচদের সুযোগ দেয়ার ব্যাপারে কাজ করতে হবে। আমরা অনেকেই আছি যারা সুযোগ পেলে যোগ্যতার প্রমাণ রাখতে পারবো ইনশাআল্লাহ।’ অন্যদিকে এবারের সিলেট স্ট্রাইকার্সের বিপিএল পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ রাজিন। শুধু তাই নয় তিনি বেশ অবাক হন যে দলটির মালিক হিসেবে সিলেটের কেউ নেই। যে কারণে এখনকার মানুষের জন্য দলটিকে নিজের করে নেয়াও কঠিন হচ্ছে। তিনি বলেন, ‘দেখেন সিলেটে অনেক বড় বড় ব্যবসায়ী ও উদ্যোক্তা আছেন। কিন্তু অবাক লাগে তারা সিলেটের ক্রিকেটের জন্য এগিয়ে আসেন না। বিপিএলের দলটির মালিকানাতে সিলেটের তেমন কেউ নেই। এটি আসলে ভাবার মতো বিষয়। এবার সিলেট যে দলটা তারা ব্যাটিং নিয়ে খুব ভুগছে। সিলেটের মানুষকে খুশি করার মতো পারফরম্যান্স এখনো তারা করতে পারেনি।’ 

এবার দারুণ উইকেট পেয়ে দেশি ক্রিকেটাররাও দারুণ করছে। এনামুল হক বিজয়, ইয়াসির রাব্বি, সাইফ হাসানরা রানে ফিরেছেন। আবার তাসকিন আহমেদসহ দেশি বোলাররাও দারুণ করছে। এটিকে সবশেষ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে যে আয়োজন ছিল তার সুফল বলেই মনে করেন রাজিন। তিনি বলেন, ‘এটি অবশ্যই আশার বিষয় বিপিলের শুরু থেকেই দেশি ব্যাটার-বোলাররা ভালো করছে। সাইফ হাসান, বিজয়রা দারুণ খেলছে। বোলাররাও ভালো করছে। আমি বলবো বিসিবি যে এনসিএল টি-টোয়েন্টির আয়োজন করেছিলো সেটির সুফল পাচ্ছে বিপিএল। এতে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে পেরেছে। এই আয়োজনের জন্য বিসিবি’র অবশ্যই ধন্যবাদ পাওয়া উচিত।’

জৈন্তাবার্তা / রহমান