ছবি: নিজস্ব
টানা তিন ম্যাচ হার। একটি জয়ের খোঁজে মরিয়া ছিল সিলেট স্ট্রাইকার্স। অবশেষে ৩ উইকেটে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে জয়ে ফিরেছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে স্বাগতিকরা। এদিকে একের পর এক ম্যাচ হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস। টানা ছয় ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে শাকিব খানের মালিকানাধীন দলটি।
শুক্রবার হোম গ্রাউন্ডে ঢাকা ক্যাপিটালসের করা ১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই এলবিডব্লিউ হন রাহকিম কর্নওয়াল। ৮ বলে ১১ করে আবু জায়েদের শিকার হন জর্জ মুনসে। ১৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর অ্যারন জোন্স ৮ বলে ১৪ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান। সে ঝড়কে ছাড়িয়ে দলকে টেনে নিয়ে যান জাকির হাসান। ২৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৮ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।
জমে উঠা ম্যাচে পরের দিকে দারুণ ব্যাটিং করেন রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪)। ১৬০ রানে ৭ উইকেট হারানোর পর সিলেটকে জয় দেন অধিনায়ক আরিফুল হক। ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন ফরমানউল্লাহ আর শুভাম রানজানে। মোস্তাফিজুর রহমানের সংগ্রহ ১ উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল ঢাকা। তানজিদ হাসান তামিম ৪ বলে ৬ রান করে কর্নওয়ালের শিকার হন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯১ বলে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লিটন আর মুনিম। ৪৩ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। মুনিম করেন ৪৭ বলে ৫২।
শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ আর থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানে বড় পুঁজি গড়ে ঢাকা। সিলেটের রাহকিম কর্নওয়াল নেন ৩টি উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব আর রিস টপলের।
জৈন্তাবার্তা / মনোয়ার




