সং ক ট নি*রসনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতবিনিময়
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫৯ PM

সং ক ট নি*রসনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতবিনিময়

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৯:৫৭:৪৯ AM

সং ক ট নি*রসনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতবিনিময়

ছবি: নিজস্ব


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক  নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা নিরসন ও বিশ্ববিদ্যালয়ের কাজে গতি ফেরাতে বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকেই নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি হয়েছে। এখানে যারা কর্মরত আছেন তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আগের দুই ভিসিই হয়তো কার্যত কোনো পদক্ষেপ নেননি কিংবা চেষ্টা করেও সমাধান করতে পারেননি। দীর্ঘদিন ধরেই এ বিশ্ববিদ্যালয়ে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। আমি মনে করি আজকের এই বৈঠক থেকেই এর একটি সুষ্ঠু সমাধান হওয়া উচিৎ।

বৈঠকে উপস্থিত গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে আমরা আমাদের মতামত জানিয়েছি। দ্রুত সিন্ডিকেট ডেকে বিষয়টি নিষ্পিত্তি করতে উপচার্যকে অনুরোধ করেছি। তিনি গুরুসহকারে আমাদের মতামত শুনেছেন। আমরা বলেছি এখানকার সমস্যা বেশ পুরোনো। যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের চাকরি স্থায়ী করার বিষয়ে মতামত দিয়েছি। আর চাকরিতে প্রবেশের পর যাদের বয়স চলে গেছে তাদের বিষয়েও মানবিক বিবেচনা করার বিষয়ে বলেছি।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীরা জানান, দুই বছরের বেশি সময় ধরে তারা বিনা ভেতন-ভাতায় কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. এনায়েত হোসেন আশ্বাস দিয়ে তাদের দুবছর কাজ করিয়েছেন। বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তবে কোনো সুরাহা হয়নি। এমতাবস্থায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন ভিসি এনায়েত হোসেন। একই বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে যোগ দেন অধ্যাপক ডা. ইসমাইল হোসেন পাটোয়ারি। তিনি যোগদানের পর গত ১৬ মার্চ উপাচার্যের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেন ১১তম সিন্ডিকেটে গঠিত নিয়োগ কমিটির সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। এরপর ২৩ মার্চ উপাচার্য ১২তম সিন্ডিকেট ডাকেন। এ সিন্ডিকেটের পর থেকে উপাচার্য চৌহাট্টাস্থ কার্যালয়ে অফিস করেননি।

এদিকে, দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন বেতন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার বেলা ১২টার দিকে নগরের চৌহাট্টাস্থ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারিরা। মিছিলটি নগরের রিকাবিবাজার সড়ক প্রদক্ষিণ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

কর্মকর্তা-কর্মচারীদের দাবি, আগামী ১ সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয়ে ১১তম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে উপাচার্যকে বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করতে। অন্যথায় দাবি আদায়ে তারা আরো কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারি দেন। এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে উপাচার্যকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাইল হোসেন পাটোয়ারি বলেন, আমরা সবার মতামত শুনেছি। দ্রুত সিন্ডিকেট সভা ডেকে মতবিনিময় সভার বিষয়টি উত্থাপন করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার