জাফলংয়ে নি*খোঁজের ৭২ ঘণ্টা পর শ্রমিকের ম*রদেহ উ*দ্ধার
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:২০ PM

জাফলংয়ে নি*খোঁজের ৭২ ঘণ্টা পর শ্রমিকের ম*রদেহ উ*দ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০২:২৫:৫৬ AM

জাফলংয়ে নি*খোঁজের ৭২ ঘণ্টা পর শ্রমিকের ম*রদেহ উ*দ্ধার

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের পিয়াইন নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে সাজল মিয়া (৩৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজের ঘটনার ৭২ ঘণ্টা পর তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বারকি নৌকা নিয়ে জাফলংয়ের জিরো পয়েন্টস্থ টিকলী নামক স্থান থেকে রাতের আঁধারে বালু-পাথর আনতে যান সাজল। নৌকায় পাথর বোঝাই করে ফেরার পথে প্রচণ্ড ঝড় ও পাহাড়ি ঢলের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় সাজলের সহযোগী আশিকুলের চিৎকারে আশপাশে থাকা শ্রমিকরা আশিকুল ইসলামকে উদ্ধার করলেও সাজল মিয়াকে উদ্ধার করতে পারেননি। নদীর স্রোতে হারিয়ে যাওয়া সাজলের মরদেহ রোববার সকাল ১০টার দিকে পিয়াইন নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাজলের মরদেহ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার এসআই উৎসব কর্মকার বলেন, জাফলংয়ের জিরো পয়েন্টস্থ টিকলি নামক স্থান থেকে পাথর আনতে গিয়ে নিখোঁজ হওয়া শ্রমিক সাজল মিয়ার মরদেহটি পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তা বার্তা/আরআর