ছবি : সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নদী হতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে ) সকালে উপজেলার হর্ণী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম সামছুদ্দিন (৩২)। সে নিজপাট হর্ণি নয়াগ্রাম এলাকার আব্দুস শাক্কুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন গতকাল শুক্রবার সন্ধ্যা হতে নিঁখোজ ছিলেন। শনিবার (৩রা মে) সকাল ৯:০০ ঘটিকায় হর্ণী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেয় । পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের পারিবারিক সূত্রে জানানো হয়, সামছুদ্দিনের মৃগি রোগ ছিলো। গত শুক্রবার বিকেলে কাটাগাঙ নদী পার হয়ে তার চাচার বাড়ীতে গিয়েছিল সে। সেখানে আসরের ওয়াক্তে সে মৃগি রোগে আক্রান্ত হয়। সন্ধ্যার আগে সে সুস্থ হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিলে পথিমধ্যে নিঁখোজ হয় সে। পুলিশ আরো জানায় তার শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগি রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
জৈন্তাবার্তা / মনোয়ার




