ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১১টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
অভিযানকালে মোটরযানের ফিটনেস সনদ না থাকা, ভাড়ার তালিকা প্রদর্শন না করা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর মতো বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইন লঙ্ঘনের দায়ে ১১টি মামলা দায়ের করে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপস্থিত চালক, যাত্রী ও সাধারণ জনগণকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের বৈধ কাগজপত্র সংরক্ষণ, ফিটনেস সনদ হালনাগাদ রাখা, হেলমেট ব্যবহার এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স বহনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, `সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।'
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




