সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের ৪ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সুলতান মাহমুদকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নতুন নীতিমালা অনুসারে সুলতান মাহমুদ রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালার আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটিকে ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হলো। যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সুলতান মাহমুদ। তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক মহি উদ্দিন চৌধুরী জাকারিয়াকে সদস্য সচিব, আব্দুল হাদী পাবেলকে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক আব্দুল হালিমকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
সুলতান মাহমুদ সিলেট গ্রিনহিল স্টেট কলেজের প্রভাষক ও সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের মাষ্টার আব্দুল মালিকের চতুর্থ পুত্র।
সুলতান মাহমুদ রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় এলাকাবাসীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি সুলতান মাহমুদ। তিনি বলেন, কেউ একা একা দায়িত্ব পালন করতে পারে না। সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
জৈন্তা বার্তা/আরআর




