রাজাগঞ্জবাজার-খাজাঞ্চি রেলস্টেশন সড়ক : সংস্কারের অভাবে বেহাল অবস্থা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৭ AM

রাজাগঞ্জবাজার-খাজাঞ্চি রেলস্টেশন সড়ক : সংস্কারের অভাবে বেহাল অবস্থা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ১২:৫০:১৫ PM

রাজাগঞ্জবাজার-খাজাঞ্চি রেলস্টেশন সড়ক : সংস্কারের অভাবে বেহাল অবস্থা

ছবি: নিজস্ব


সড়ক পাকাকরণ হয়েছে প্রায় এক যুগ আগে। কিন্তু এর পর আরো কোনো সংস্কার হয়নি। পিচ উঠে গিয়ে খানা-খন্দভরা এই সড়কের যেন কোনো অভিভাবক নেই। সরকারের পালাবদল হলেও সড়কটি এখনও স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে না পড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কম-বেশি দুই কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কে উন্নয়নের ছোঁয়া না লাগায় দীর্ঘদিন ধরে যাতায়াতের ভোগান্তিতে আছেন এলাকাবাসী। যানবাহন বিকল হওয়াসহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজাগঞ্জ বাজার থেকে খাজাঞ্চি রেলস্টেশন (এলজিইডি) পর্যন্ত সড়কটি পুনঃসংস্কার করার দাবি দীর্ঘদিনের হলেও উপজেলাধীন এলজিইডি অফিস কোনো উদ্যোগ নেয়নি। যদিও বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তা পুনঃসংস্কার, মেরামত ও নির্মাণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরের তথ্যের ভিত্তিতে সম্প্রতি উপজেলা প্রকৌশল অফিস এই সড়কটি পুনঃসংস্কার করার কথা জানিয়েছে। জানানো হয়েছে, সড়কটি আগামী জুন-জুলাই নাগাদ টেন্ডারের ভিত্তিতে পাকাকরণ করা হবে। 

স্থানীয় তেলিকোনা গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন, পাহাড়পুর নিবাসী রাজু মিয়া ও কিশোরপুর গ্রামের সিরাজ মিয়া বলেন, বেহাল এই সড়কটি পুনঃসংস্কার হবে- এ খবর জেনে আমরা আনন্দিত। কর্তৃপক্ষের দেয়া সময়মতো যেন কাজ শুরু হয়, এটাই প্রত্যাশা করছি। 

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, রাজাগঞ্জ বাজার থেকে খাজাঞ্চি ইউনিয়ন পর্যন্ত সড়কটি পুনঃসংস্কারের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি জুন-জুলাই নাগাদ টেন্ডারের ভিত্তিতে পুনঃসংস্কার কাজ শুরু হবে। 


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: