ছবি : সংগৃহীত
“সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা বর্তমানে সময়ের প্রধান দাবী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক পর্যালোচনা সভা ও স্মারক প্রদান অনুষ্ঠান।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিকস'র কেন্দ্রীয় কার্যালয় হক মঞ্জিল, উত্তর জল্লারপার-এ আয়োজিত সভায় সংগঠনগুলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সাম্প্রতিক সামাজিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে সরব থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের চালের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে এক অসহনীয় অবস্থা তৈরি করেছে। এটি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে আগামী ২০ মে (মঙ্গলবার) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ ২৩ উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া রেলের আধুনিকায়ন, রেলপথ সম্প্রসারণ ও মানসম্পন্ন ট্রেন চালুর দাবিতে এবং মোবাইল ফোনের মিনিট ও ইন্টারনেট ডেটার মেয়াদ সীমাহীন করার দাবিতে শিগগিরই আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সভায় বক্তারা সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার দাবি তোলেন এবং তাঁদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানান। তারা জানান, এই চার শ্রেণির মানুষ দেশের অর্থনীতি ও সমাজব্যবস্থার শত্রু। তাদের বিরুদ্ধে সিলেট-ঢাকা অভিমুখে পদযাত্রা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব দিবস ২০১০-এ শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। সিবিযুকস'র সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিকস'র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইসলাম উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সাবেক ব্যাংক কর্মকর্তা রাধিকা রঞ্জন পাল ছাবুল, রাজনীতিবিদ জামাল আহমদ, কবি কামাল আহমদ, প্রবাসী নেতা মোঃ আশিক আহমদ, বিভাগীয় সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নবীন সদস্য, সাংগঠনিক নেতারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে স্মারক প্রদান এবং সামনের কর্মসূচিগুলোর রূপরেখা চূড়ান্ত করা হয়।
জৈন্তাবার্তা / রহমান




