বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক বিশেষ অভিযানে ৬৫ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানীর পণ্য জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ১ জনকে।
১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, রোববার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি'র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেগুড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯,৮০০ পিস ভারতীয় ইয়াবা, ১টি সিএনজি অটোরিকশা ও ১টি মোবাইল ফোনের সিম জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ ৬০ হাজার ৩০০ টাকা।
এছাড়া শনি ও রোববার জৈন্তাপুর, সুরইঘাট এবং লালাখাল বিওপির পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় Nemus pediatri Bath Gel ৫০০ পিস, Clincy-N-Gel ৫০০ পিস, সিগারেট ২৫০০ প্যাকেট, পাতার বিড়ি ৭০২৯ প্যাকেট এবং চিনি ২৫০০ কেজি জব্দ করে। জব্দকৃত মালামালের বাজারমূল্য ২৮ লক্ষ ৭৬ হাজার ৪৪০ টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




