ছবি : সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোট ২০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ জুন) রাত থেকে মঙ্গলবার (১৭ জুন) ভোর পর্যন্ত ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল একযোগে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, পান্তুমাই, বিছনাকান্দি, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি, ব্লেড, স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ অয়েল, টুথপেস্ট ও চিংড়ির পোনা। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছও আটক করা হয়েছে।
সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দেশের স্বার্থ রক্ষায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।
জৈন্তাবার্তা / মনোয়ার




