সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে অবৈধ পথে এনে পাচারকালে ৪ হাজার কেজি গরুর ফ্রোজেন মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।
জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে নামে সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর) ইউনিটের টিম। বিকেল ৩টার দিকে ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল শুক্রবারী বাজারের মধ্যবর্তী রামেশ্বর এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ১৬০ কার্টন ফ্রোজেন মাংস জব্দ করে সেনাবাহিনীর টহলটিম। জব্দকৃত আলামত প্রতি কার্টন ২৫ কেজি করে মোট ৪ হাজার কেজি মাংস উদ্ধার করা হয়।
এসময় মাংস পাচারের ঘটনায় জড়িত থাকায় ট্রাকের চালক ও হেলপারসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন- জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৪৫), জৈন্তাপুর চিকনাগুল রামেশ্বর এলাকার যমু দেবনাথের পুত্র সেতু দেবনাথ (৩৫), একই উপজেলার হেমু মুকামপাড়া এলাকার আব্দুস সুবহানের পুত্র আবদুল্লাহ (৩১), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাবারিপুর গ্রামের মৃত মোজাম আকন্দের পুত্র ট্রাকচালক মো. রাব্বানী (২৩) ও বগুড়া জেলার আকাশতারা গ্রামের মো. জাহিদুলের পুত্র হেলপার মো. শুভ (১৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারত থেকে অবৈধ পথে আনা মাংসগুলো রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে একটি কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছিল।
সেনাক্যাম্প সূত্রে আরও জানানো হয়, সকল তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে আটককৃত আসামি এবং জব্দকৃত মাংস, ট্রাক ও মাইক্রোবাস সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জৈন্তা বার্তা/আরআর




