ছবি: নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রণীখাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাজীরগাঁও গ্রামে আলীম উদ্দিন (১৯) নামে এক ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নিজ ঘরে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। নিহত আলীম উদ্দিন নাজীরগাঁও গ্রামের ফখর উদ্দিনের ছেলে। তিনি ছিলেন ছয় ভাই ও এক বোনের মধ্যে পঞ্চম। ২০০৯ সালে তার মা মারা যাওয়ার পর বাবার দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে আরও চার ভাই রয়েছে। অভাব-অনটনের সংসারে আলীম পেশায় ছিলেন একজন শ্রমিক।
ঘটনার পরপরই খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকেই বলছেন, আলীম উদ্দিন ভালো ছেলে, কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীও অপেক্ষায় আছেন ময়নাতদন্ত রিপোর্টের।
জৈন্তাবার্তা / মনোয়ার




