ছবি নিজস্ব
পূর্বঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে জেলা প্রশাসকের অপসারণের দাবি থেকে সরে এসেছে সিলেট জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে এ তালিকায় নতুন করে বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধের দাবি যুক্ত করা হয়েছে।
এসব দাবি আদায়ে শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে জেলার সর্বত্র পণ্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো- পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ করা।
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, সিলেট জেলার সকল মালিক-শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে সিলেট জেলার সকল গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।
এর আগে গত বুধবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




