নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে : সিলেটে মির্জা ফখরুল
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০০ AM

নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে : সিলেটে মির্জা ফখরুল

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ১২:৫১:৪৯ PM

নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে : সিলেটে মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রত্যাশা- অন্তবর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপি মহাসচিব। সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে অংশ নেবেন মির্জা ফখরুল। পরে বেলা ২টায় সিলেট নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সিলেট জেলার বীর সন্তানদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বিএনপি মহাসচিবের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জে ড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ।

এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ দলীয় নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর