এই সরকার নির্বাচন করতে পারবে না : সিলেটে মীর্জা আব্বাস
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০০ AM

এই সরকার নির্বাচন করতে পারবে না : সিলেটে মীর্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০২:২৫:২৬ PM

এই সরকার নির্বাচন করতে পারবে না : সিলেটে মীর্জা আব্বাস


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার নির্বাচন করতে পারবে না। সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা ব‌লেন।

এসময় তিনি বলেন, হাসিনা চলে গেলেও তার দোসররা দেশেই আছে। সচিবালয় থেকে জেলা-উপজেলায় তারা আছে। তারা ভোট চায় না। নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছে।

মির্জা আব্বাস বলেন, এই সরকারের ভেতরে আওয়ামী লীগের আমলারা যা করেছে, তাতে এই সরকার নির্বাচন করতে পারবে না। তবে আমরা আমলাদের এই চক্রান্তকে প্রতিহত করবো, প্রতিরোধ করবো। অতঃপর নির্বাচন আদায় করবো।

পিআর পদ্ধতি কি তা বাংলাদেশের জনগণ বোঝে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এখন একেক রাজনৈতিক দল একেক কথা বলছে। আবার একই দল একেক সময়ে একেক কথা বলছে। একবার বলছে- নির্বাচন হবে। আবার বলে- এই অবস্থায় নির্বাচন সম্ভব না। আবার কখনো বলে- পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। এই নাম (পিআর) বাংলাদেশের লোক কখনো শুনে নাই। কাকে পিআর পদ্ধতি বলে তা বাংলাদেশের মানুষ জানে না।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর