নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। মানুষের কাছে যান।
সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, নির্বাচন যত দেরিতে হবে, দেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, মায়েরা-মেয়েরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা ভেঙে পড়বে। সেজন্য দরকার একটা নির্বাচিত সরকার। যে সরকারের পেছনে রয়েছে জনগণ।
এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সময় ঠিক করেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।
বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা যখনই সুযোগ পাই আমরা সিলেটে আসি। কারণ শত শত বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়ে সত্য, সুন্দর ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)। শুধু আমরা নই, সারা দেশ ও বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। সিলেট আমাদের পূণ্যভূমি। সিলেট আমাদের কাছে আরেকটা কারণে প্রিয়। সেই কারণ হচ্ছে আমাদের নেতা তারেকে রহমান সাহেবের শ্বশুরবাড়ি এখানে। সেজন্য আমরা এখানে আসতে আনন্দ পাই, শান্তি পাই।
মির্জা ফখরুল বলেন, আমরা সেই দল যে দল স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কর্মস্থান সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে চাই। সেজন্য বিএনপি ৩১ দফা দিয়েছে। শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই দেশ আমরা গড়তে চাই।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যাতে আঙুল তুলে না বলতে পারে আমরা জমি দখল করেছি, চাঁদাবাজি করেছি, জায়গা দখল করেছি। জয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
জৈন্তা বার্তা/আরআর




