জৈন্তাপুরে পরিবহন ধর্মঘটে স্থবির জনজীবন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৫ AM

জৈন্তাপুরে পরিবহন ধর্মঘটে স্থবির জনজীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০২:০৪:০৮ PM

জৈন্তাপুরে পরিবহন ধর্মঘটে স্থবির জনজীবন

ছবি নিজস্ব


সিলেটে মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যাত্রী ও পণ্য পরিবহনসহ লোকাল ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, জৈন্তাপুর উপজেলায় পরিবহন ধর্মঘটের ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নই জনগুরুত্বপূর্ণ সিলেট-তামাবিল মহাসড়কের এক চতুর্থাংশ অংশে বিস্তৃত। 

মঙ্গলবার সকাল থেকে সরজমিনে উপজেলার তামাবিল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে যানবাহনের আধিক্য লক্ষ্য করা যায়নি। শুধুমাত্র ইজিবাইক ও তিন চাকার বাহন বিক্ষিপ্তভাবে চলাচল করতে দেখা গেছে।

জৈন্তাপুর উপজেলার ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান চালক সমিতির কার্যালয়ে সামনে শ্রমিক নেতৃবৃন্দদের শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা গেছে। এ সময় উপস্থিত শ্রমিক নেতারা বলেন, ছয় দফা দাবির সাথে একমত পোষণ করে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই পরিবহন ধর্মঘটের কারণে সিলেট নগরী থেকে জৈন্তাপুর আসতে পারেননি। পাশাপাশি সিলেট শহরগামী যাত্রীদের পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে। 

এদিকে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় সব স্টোন ক্রাশার মিল গত তিনদিনের মতো আজও বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল বলেন, ছয় দফা দাবির সাথে একমত পোষণ করে পাথর সংশ্লিষ্ট পরিবহন, ট্রান্সপোর্ট অফিস, লোডিং-আনলোডিং সব বন্ধ রাখা হয়েছে।

বৃহত্তর জৈন্তা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল বলেন, গত রাতে আন্তঃজেলা সকল পণ্য পরিবহনকারী যানকে খালি অবস্থায় জৈন্তাপুর ছেড়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে জেলার নির্দেশনা অনুযায়ী যাত্রী ও পণ্য পরিবহন ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে প্রবাসী ও জরুরি রোগী বহনকারী গাড়ি ধর্মঘটের আওতায় রাখা হয়নি।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ভোর থেকে মহাসড়কে গাড়ির সংখ্যা কম। শুধুমাত্র তিন চাকার যানবাহন ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল নেই। বাইরের জেলা থেকে কিছু সংখ্যক পর্যটকবাহী গাড়ি আসতে দেখা গেছে। এক্ষেত্রে মহাসড়কে সার্বিক নিরাপত্তা প্রদানে হাইওয়ে পুলিশের টহল টিম নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর