বিপিএলের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস এবার মাঠে নামছেন ভিন্ন ভূমিকায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একাধিক শিরোপা এনে দেওয়া সাবেক অধিনায়ককে এবার দেখা যাবে সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে। আসন্ন বিপিএল মৌসুমে দলটির কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন ইমরুল নিজেই।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনার দেশের হয়ে খেলেছেন ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি ম্যাচ। দীর্ঘদিন মাঠে লড়াইয়ের পর এবার তার যাত্রা শুরু হচ্ছে কোচ হিসেবে। ঘরোয়া ক্রিকেটে খেলার অধ্যায় শেষ করে এখন পুরো মনোযোগ দিচ্ছেন কোচিংয়ে, আর সেই পথচলার প্রথম বড় মঞ্চ বিপিএল।
সিলেট টাইটান্স শুধু ব্যাটিং কোচেই থেমে থাকেনি, পেস বোলিং কোচ হিসেবে ফিরছেন সৈয়দ রাসেল। জাতীয় দলের সাবেক এই বাঁহাতি পেসার আগেও সিলেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। এবার আবারও দায়িত্ব নিচ্ছেন নতুন রূপে, দলের পেস ইউনিটের দায়িত্ব তার কাঁধে।
৪১ বছর বয়সী রাসেল বাংলাদেশের হয়ে খেলেছেন ৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি। মাঠের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে কাজ করছেন কোচ হিসেবে। এবার বিপিএলের নতুন মৌসুমে সিলেটের বোলারদের দিকনির্দেশনা দেবেন তিনি।
সিলেটের প্রধান কোচ সোহেল ইসলাম। তার সঙ্গে নতুন মৌসুম সামনে রেখে সিলেট টাইটান্সের এই দুই সাবেক টাইগারকে যুক্ত করা নিঃসন্দেহে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকেরা। জানা গেছে, অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সিলেট।
জৈন্তা বার্তা/আরআর




