আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচে মাঠে নেমেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল আর্জেন্টিনা। শুক্রবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে ২০২৬ বিশ্বকাপের রানার্সআপরা।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোল এবং উরুগুয়ের মিডফিল্ডার ম্যাক্সি আরাউহোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উরুগুয়ে। ৭৩তম মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ গোল করে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর আশা জাগালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আলবিসেলেস্তেরা। এই জয়ে উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে তৃতীয় জয় নিশ্চিত হলো।
গত মাসে বেনিনের বিপক্ষে এক আবেগঘন বিদায়ী প্রীতি ম্যাচে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এই মহাতারকা। শুক্রবার ৩৯ বছর বয়সি এই জাদুকরকে ছাড়া মাঠে নেমে উরুগুয়ের জমাট রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে।
ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন নিকো পাজ। তবে তাঁর নেওয়া শটটি দারুণ দক্ষতায় রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়েরমারিন।
বিরতির পরপরই ডেডলক ভাঙে উরুগুয়ে। বাঁ দিক থেকে জর্জিয়ান দে আরাসকায়েতার নেওয়া একটি ফ্রি-কিক আর্জেন্টিনার রক্ষণভাগে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ হেডের মাধ্যমে বল বিপদমুক্ত করার চেষ্টা করলে সেটি সতীর্থ বালের্দির গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়।
এরপর ৫৩তম মিনিটে উরুগুয়ের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সি আরাউহো। এবারও নেপথ্যে ছিলেন দে আরাসকায়েতা; তাঁর নেওয়া কর্নার কিকটি আরাউহোর কাঁধে লেগে অনেক উঁচুতে উঠে সরাসরি জালে আশ্রয় নেয়।
ম্যাচের শেষ দিকে হুলিয়ান আলভারেজ এক গোল শোধ করে আর্জেন্টিনাকে লড়াইয়ে ফেরান। যোগ করা সময়েও সমতা ফেরানোর একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ে রক্ষণ সামলে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
জৈন্তাবার্তা/আরআর




