সংগৃহীত
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের যৌথ তদন্ত টিম।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগেয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান যৌথ টিমের সদস্যরা। টিমের সদস্যরা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন।
নাম না প্রকাশ করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য জানান, এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলয়ার হোসেন।আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান কমিটি প্রধান।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ও তার পরিবারের দাবি পতিত আওয়ামী লীগের লোকজন তার বাড়িতে পেট্রলবোমা হামলা করায় এ আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবদল ও স্বেচ্ছাসেবক লীগের ৮ শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে দিয়েছে। আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমরা কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেব। তিনি বলেন, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারে মাঠে দুইটি টিম কাজ করছে।’
জৈন্তাবার্তা/সুলতানা




