সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কভার ভ্যান জব্দ করা হয়।শুক্রবার (১৩ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, মাধবপুরের জগদীশপুর এলাকা থেকে একটি কভার ভ্যানে করে গাঁজা নিয়ে ঢাকার সাভারের উদ্দেশে যাচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন কভার ভ্যানটিকে থামানোর সংকেত দিলে ভ্যান থেকে নেমে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে কভার ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষভাবে রাখা তিনটি কাগজের কার্টনের ভেতর থেকে ৩৬টি পোটলায় মোড়ানো ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাংখার চর গ্রামের মৃত হানেফ সরদারের ছেলে রাকিব সরদার (২৩) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা এলাকার মো. দূত মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।এসআরবি সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাঁদের উদ্ধার করা মাদক ও জব্দ করা কভার ভ্যানসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তাবার্তা/সুলতানা




