ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আসরের নামাজের পর জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় সংগঠনের দায়িত্বশীল ও সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
খাবার বিতরণকালে সংগঠনের সভাপতি শাহজাহান মিয়া বলেন, ‘আমরা সবসময় সমাজের সেবায় নিয়োজিত ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর বাজারের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি ছিল সংগঠনের প্রথম পর্বের কর্মসূচি। একই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জগন্নাথপুরের মাহিমা পার্টি সেন্টারে দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকে ‘অল টাইম ক্লিন জগন্নাথপুর’ পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




