ছবি:সংগৃহীত
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্ত করে একটি আধুনিক ও শিল্পায়িত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সিলেট-শেওলা স্থলবন্দর চারলেন মহাসড়ক বারইগ্রাম পর্যন্ত বর্ধিত করা হবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
রোববার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে অনুষ্ঠিত ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, বিয়ানীবাজার আমার মামার বাড়ি। এই জনপদের সঙ্গে আমার রয়েছে আত্মিক সম্পর্ক। যেখানে আমার মায়ের নাড়ি পোতা, সেই এলাকার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও শক্তি দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম. এ মান্নান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী ও বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক ছিদিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




