ছবি:সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনে সমৃদ্ধ সিলেটের রয়েছে বিপুল সম্ভাবনা। তবে সঠিক পরিকল্পনা ও জবাবদিহিমূলক নেতৃত্বের অভাবে এই সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো হয়নি। এখন সময় এসেছে পরিবর্তনের। ইনশা আল্লাহ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে পরিকল্পিত, টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে সিলেটকে দেশের একটি রোল মডেল নগরীতে রূপান্তর করা হবে।
রোববার সিলেট সদর উপজেলার শিবেরবাজার, টুকেরবাজারসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, সিলেটকে দেশের রোল মডেল বানাতে হলে আগে নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পরিচ্ছন্নতা, যান চলাচলের শৃঙ্খলা, উন্নত সড়ক ও গণপরিবহন ব্যবস্থা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ছাড়া কোনো শহরই উদাহরণ হতে পারে না। তিনি জানান, নির্বাচিত হলে সিলেট নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক মহানগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে সিলেটকে একটি মানবিক নগরীতে রূপ দেওয়াও তাঁর অগ্রাধিকার।
তিনি আরও বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়-উন্নয়ন মানে মানুষের জীবনমানের পরিবর্তন। সিলেটে শিল্প ও বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও নতুন কর্মক্ষেত্র গড়ে তোলা হবে, যাতে তারা নিজ শহরেই ভবিষ্যৎ গড়তে পারে। পাশাপাশি পাহাড়, নদী ও সবুজ প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধব নগর গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
রোববার বিকেলে হাটখোলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা মুকুট ও মাজহারুল ইসলাম ডালিম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আজির উদ্দিন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
এর আগে শনিবার রাতে নগরীর তেররতন পয়েন্টে অনুষ্ঠিত বিশাল জনসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক হেলাল খান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন এবং জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ডালিম। সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
এদিকে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ধানের শীষের শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




