‘কাজের মাধ্যমেই ভালোবাসার প্রতিদান দেবো’- আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ AM

গোয়াইনঘাটে নির্বাচনি জনসভা

‘কাজের মাধ্যমেই ভালোবাসার প্রতিদান দেবো’- আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৭:২৬:২৪ PM

‘কাজের মাধ্যমেই  ভালোবাসার প্রতিদান দেবো’- আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি–জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি, তা অভূতপূর্ব। কাজের মাধ্যমেই আমি এই জনপদের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনই এখন সময়ের প্রধান দাবি। এমন একটি সমাজ গড়তে হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার নিশ্চিতভাবে পাবে। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং মানুষের সেবার জন্য-এই বিশ্বাস থেকেই আমরা এগিয়ে যেতে চাই। ধনী-দরিদ্র, দল-মত নির্বিশেষে সবাই সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবে-এমন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে এই বিশাল জনপদে প্রকৃত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। উন্নয়নের মহাসড়কের নামে মানুষকে মহাগর্তে ফেলে দেওয়া হয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি-সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালু করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা, কৃষিযন্ত্রপাতির সহজপ্রাপ্যতা, বিশুদ্ধ খাবার পানি ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা-এসবই হবে আমার প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, সিলেট–৪ আসনের সার্বিক উন্নয়নের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। বিএনপি ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রী হবেন। নির্বাচনের আগে তার সঙ্গে সাক্ষাৎ করে এই অঞ্চলের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছি। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে এক বছরের মধ্যেই পরিবর্তনের দৃশ্যমান ফলাফল মানুষ দেখতে পাবে।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, শ্রমিকদল, তাঁতীদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: