ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার দীর্ঘদিনের চিহ্নিত উন্নয়ন সমস্যাগুলো সমাধান করা হবে বলে অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত সিলেট–২ আসনের প্রার্থী, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত নির্বাচনের শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি আয়োজন করে বিশ্বনাথ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
তাহসিনা রুশদির লুনা বলেন,‘২০১২ সালের ১৭ এপ্রিল জননেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষের পাশে থাকার দায়িত্ব দেন। ইলিয়াস আলীকে অক্ষত ফেরত পাওয়ার আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি।’
তিনি বলেন,‘হামলা-মামলা ও দমন-পীড়নের সময় আপনাদের বিপদে আমি পাশে দাঁড়িয়েছি। সেই থেকে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ভাই-বোন, সন্তান ও অভিভাবকের মতো। আপনাদের কষ্টে আমি কষ্ট পাই, আমার কষ্টে আপনারা কষ্ট পান। তাই আমি আপনাদের আমার পরিবারের অংশ মনে করি।’
তিনি আরও বলেন,‘এই আসনে আপনাদের প্রিয় সন্তান এম ইলিয়াস আলীর হাত ধরেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। আমি কখনো তাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইনি, বরং তাকে সামনে রেখেই পথ চলেছি। ধানের শীষে আপনাদের পূর্ণ সমর্থন ও ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করাই আমার অঙ্গীকার।’
এসময় তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন,‘বাসিয়া নদীর দীর্ঘদিনের সমস্যা, পিছিয়ে পড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাট উন্নয়নসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে এসব সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।’
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিগত সময়ে বিশ্বনাথ উপজেলা ও স্থানীয় বিএনপির যেসব ত্যাগী নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন নিখোঁজ ইলিয়াস আলীর ভাই আসকির আলী, পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবিব শারারসহ জেলা, কেন্দ্রীয় ও প্রবাসী নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
জনসভায় বিশ্বনাথ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম ও আল-ইসলাহ দলের নেতাকর্মী, প্রবাস ফেরত নেতৃবৃন্দসহ হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে সন্ধ্যার পূর্বমুহূর্তে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদির লুনার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




