ছবি:সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী (৬২)-এর জানাজায় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নেমে আসে।
বুধবার (১০ জানুয়ারি) বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার ছারিকোনা এলাকায় অনুষ্ঠিত জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলার সব সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মরহুম সুহেল আহমদ চৌধুরী ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সহযোদ্ধা। যুবদল থেকে শুরু করে বিএনপিকে বিশ্বনাথে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীর বিশ্বাসী সুহেল আহমদ চৌধুরী আজীবন বিশ্বনাথ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করে গেছেন। তাঁর নেতৃত্ব ও অবদান বিশ্বনাথবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্বনাথসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনসহ বিশ্বনাথবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। শেষ বিদায়ের মুহূর্তে সবাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




