সংগৃহিত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে স্থাপিত সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
নজরদারি না থাকায় এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর প্রধান বাজার, হাসপাতাল রোড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো অধিকাংশ ক্যামেরাই অচল। কোথাও তার ছিঁড়ে ঝুলে আছে, কোথাও আবার যান্ত্রিক ত্রুটির কারণে কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। একসময় এসব ক্যামেরার কারণে অপরাধীরা সতর্ক থাকলেও বর্তমানে সেগুলো কার্যত ‘শো-পিসে’ পরিণত হয়েছে।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছর থেকে ধাপে ধাপে জগন্নাথপুর বাজারকে আধুনিক ও নিরাপদ করতে কয়েক লাখ টাকা ব্যয়ে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ২০২০ সালের মাঝামাঝি থেকে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এগুলো অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশকে কার্যকর সহায়তা দিয়ে আসছিল।
বাজারের ব্যবসায়ীরা জানান, ক্যামেরাগুলো সচল থাকায় আগে চুরির আশঙ্কা কম ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো নষ্ট থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি অর্থ ব্যয়ে স্থাপিত ক্যামেরাগুলো এখন আর কোনো কাজে আসছে না। বড় কোনো অপরাধ ঘটলে অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়বে।
ব্যবসায়ী আশিষ দেব বলেন, আগে সিসি ক্যামেরা সচল থাকায় নিরাপত্তা ভালো ছিল। এখন নষ্ট হয়ে থাকায় চুরি-ছিনতাই বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উপজেলার বাসিন্দা রমিজ আলী বলেন, সিসি ক্যামেরা থাকলে অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। এগুলো দ্রুত সচল করা জরুরি।
স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ক্যামেরাগুলো মেরামত বা নতুন করে স্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বরকত উল্লাহ বলেন, নষ্ট হয়ে যাওয়া সিসি ক্যামেরাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




